প্রিয় ঝিনাইদহ
নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার
উচ্চকন্ঠ 15-Aug-2026 19
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর বেগবতী নদী থেকে রমজান আলী (৩৫) নামে এক ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের ব্রিজসংলগ্ন বেগবতী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী চারদিন আগে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজছিলেন।
শনিবার দুপুরে বিষয়খালী বাজারের ব্রিজের পাশে বেগবতী নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত করেছেন।
পরিবারের দাবি, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
office@ukantho.com