অন্যান্য
ঝিকরগাছায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবেন চাকুরিজীবী, শিক্ষক ও সাংবাদিকরা
উচ্চকন্ঠ 08-Apr-2026 74
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সংকট মোকাবিলায় যশোরের ঝিকরগাছায় জরুরি সেবায় নিয়োজিত চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান তেল সংকট ও চাহিদা বৃদ্ধির ফলে ঝিকরগাছার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি তৈরি হয়েছে। এতে অফিসগামী কর্মচারী, শিক্ষক এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট শ্রেণির পেশাজীবীদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিকরগাছায় অবস্থিত সকল ফিলিং স্টেশন মালিক বা ম্যানেজারদের তেল মজুদ থাকা সাপেক্ষে চিকিৎসক, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনপূর্বক আলাদা লাইনে বা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ করতে হবে। এই নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, পেশাজীবীরা যেন তাদের দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন না হন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তেলের অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত বন্ধ এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
office@ukantho.com