জাতীয়
সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মির্জা ফখরুলের
উচ্চকন্ঠ 21-Mar-2025 28
এফএনএস: দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিবিদ ও সরকারে থাকা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। নির্বাচনকেন্দ্রিক সংস্কার আগে করে নির্বাচন দিতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার। অলীক ধারণা বা আবেগ দিয়ে চিন্তা করলে সংস্কার করা যাবে না জানিয়ে তিনি বলেন, সরকারের দেওয়া সংস্কার প্রস্তাব পরীক্ষা করছে বিএনপি। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু অলীক ধারণা থেকে ইউটোপিও চিন্তাভাবনা করলে সমস্যার সমাধান করা যাবে না। আবেগের মধ্যদিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদের বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব তা পরীক্ষা করছি এবং আমরা আমাদের মতামতগুলো উপস্থাপন করছি। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক ঐতিহ্য, তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের কৃষ্টি, সংস্কৃতি সব কিছুকে সামনে রেখেই আমাদের সামনের দিকে সংস্কার এবং এগিয়ে যাওয়ার পথ বেছে নিতে হবে। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছি। একটি নতুন গণতান্ত্রিক সংসদ গঠন হবে সেই প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে গোটা দেশ। সবাইকে দায়িত্বশীল হওয়ার আহŸান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, এ সময়টা আমরা যে যেখানে আছি, সবাই দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা পালন করবো। আমরা যারা রাজনীতি করছি তারা, যারা বিভিন্ন পেশাতে আছি তারা, যারা বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে আছি তারা সবাই এমনভাবে কথা বলবো, কাজ করবো তা যেন আমাদের গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করে দেয়। ৩১ দফার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা সংস্কারের জন্য, রাষ্ট্রব্যবস্থা যে ভেঙে সে জন্য প্রায় দুই বছর আগে তারেক রহমান সাহেব ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা সেগুলো যথেষ্ট পরিবর্তনের জন্য। বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারপারসন শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ। পেশাজীবীদের মধ্যে বক্তব্য দেন, যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, সিনিয়র সাংবাদিক এম আজিজ, আবদাল আহমেদ, নূরুদ্দিন আহমেদ, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
office@ukantho.com