অপরাধ
কুষ্টিয়ায় আধিপত্যের জেরে দুপক্ষের সংঘর্ষ, ২ যুবককে কুপিয়ে হত্যা
উচ্চকন্ঠ 19-Jul-2026 34
এফএনএস: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত শুক্রবার বিকেলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাতে মিন্টু চৌকিদার গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ছালিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
office@ukantho.com