প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জের তাবাচ্ছুম হত্যা মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
উচ্চকন্ঠ 17-Jun-2026 25
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে| মামলার একমাত্র আসামি আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠনের একদিন পর বুধবার (১৭ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়|
ঝিনাইদহ আদালতের কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব দ্রুতগতিতে এগিয়ে চলছে|
আদালত সূত্রে জানা গেছে, সরকারের বিশেষ নির্দেশনায় দ্রুত বিচার কার্যক্রমের আওতায় ঘটনার মাত্র ১১০ দিনের মাথায় মামলার বিচারকাজ শুরু হয়েছে| এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামানের আদালতে শুনানি শেষে আসামি আবু তাহেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়|
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন গত ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন| অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি ফৌজদারি কার্যবিধির ১৬১ ও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন|
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামে নিখোঁজ হওয়ার পর চার বছর বয়সী তাবাচ্ছুমের মরদেহ স্থানীয় একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়| এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ একই রাতে কুষ্টিয়া থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে|
নিহত শিশুর পরিবারের সদস্যরা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন|
office@ukantho.com