অপরাধ
৬ দিন পর কলাবাগানে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর লাশ
উচ্চকন্ঠ 30-Apr-2026 71
এফএনএস: ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয়দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইরিন গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রিকশাচালক বাকা মিয়ার মেয়ে এবং বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আইরিন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার বাবা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বৃহস্পতিবার সকালে কাফুরা এলাকায় রেললাইনের পাশ থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা একটি কলাবাগানে শিশুটির লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, শিশুটির লাশে পচন ধরেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
office@ukantho.com