জাতীয়
তফসিল ঘোষণার চার দিনের মাথায় মোচিকের ভোট স্থগিত
উচ্চকন্ঠ 31-Dec-2024 42
হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহঃ মোবারকগঞ্জ চিনিকলের পূর্ব ঘোষিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন স্থগিত হয়েছে। জানা যায় ইতিপূর্বে ৫ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু গত ২৯ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তর আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক জহিরুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে নতুন ভোটার তালিকা করে পুন:তফসিলের মাধ্যমে নির্বাচন করতে বলা হয়েছে। এই আদেশের ফলে স্থগিত হয়ে গেল মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের আকাঙ্খিত নির্বাচন। ৪০, ০২, ৫০০০, ৩০৯, ৩৪, ০২৩, ২১, ৮৪১ নং স্মারকে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, কাজ নাই মজুরি নাই /চুক্তি ভিত্তিক শ্রমিকদের শ্রেনি বিভাগ শ্রম আইনের ৪(১) ধারা মোতাবেক নির্ধারণপূর্বক প্রয়োজনের নতুন ভোটার তালিকা করে পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচন করতে। জানা যায়, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যের সম্মতিতে চেয়ারম্যান মহাব্যবস্থাপক(অর্থ) হিরন্ময় বিশ্বাস ২৫ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযারি ৫ জানুয়ারী ২০২৫ তারিখ মোবারকগঞ্জ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে উপলক্ষে কার্যনির্বাহী কমিটির সর্বমোট ২৩ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেছেন এবং তা জমাও দিয়েছেন। এ নির্বাচনে ৪৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ৫৯১ জন। এছাড়া ১৪৪ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করার কারনে তারা কুষ্টিয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তর আঞ্চলিক শ্রম দপ্তরে লিখিত অভিযোগ করেন। নির্বাচন স্থগিতের ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোচিকের লেবার ও ষ্টোর অফিসার জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণ ও কয়েকজন প্রার্থী যশোর কলকারখানা শ্রম অফিসে(কানামনা) গেছেন। পরবর্তীতে কর্মকর্তারা আসার পরে পুনরায় তফসিল ঘোষনা করে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করবেন।
office@ukantho.com