প্রিয় ঝিনাইদহ
মহেশপুরের কৃতি সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল
উচ্চকন্ঠ 25-Mar-2026 41
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহের কৃতি সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পদত্যাগ করা সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান- এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার কাজল সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসাদুজ্জামান বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ফলে তার শূন্য হওয়া পদে নিয়োগ পেলেন ব্যারিস্টার কাজল। এর মাধ্যমে পরপর দুইজন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ জেলা থেকে নির্বাচিত হওয়ার নজির সৃষ্টি হলো।
রাজনৈতিক ও পেশাগত জীবনে সক্রিয় ব্যারিস্টার কাজল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে তাকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন মেধাবী। ১৯৮৬ সালে যশোর বোর্ড থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিকে বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। এছাড়া সিটি ইউনিভার্সিটি থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ সনদ লাভ করেন।
১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করা ব্যারিস্টার কাজল পেশাগত জীবনের পাশাপাশি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।
office@ukantho.com