অপরাধ
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার
উচ্চকন্ঠ 02-Jan-2026 61
এফএনএস: নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেল থেকে আগ্নেয়াস্ত্রসহ বাসু ও রাসেল নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী পূর্ববাজারের হোটেল রিয়াদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন, বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের মো. নাসির আহাম্মেদের ছেলে মো. বাসু (৪০) ও চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শহীদ হক ওরফে বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল (৪০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, অস্ত্র-মাদক উদ্ধারের নিয়মিত অভিযানে গিয়ে পুলিশ রিয়াদ হোটেলের ৩০২ নম্বর কক্ষ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার দুজন পেশাদার সন্ত্রাসী। তাদের মধ্যে জাহিদ হাসান রাসেলের বিরুদ্ধে আগেরও ছয়টি মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র মামলায় তাদেরকে আদালত পাঠানো হয়েছে।
office@ukantho.com