অন্যান্য
কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু
উচ্চকন্ঠ 06-May-2025 47
এফএনএস: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চরটেকী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই স্থানীয় চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বাড়ি ফিরছিল ইরিনা, প্রিয়া ও বর্ষা। এসময় ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পথে চরটেকী নামাপাড়া এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় বর্ষারও মৃত্যু হয়। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
office@ukantho.com