প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞের প্রস্তুতিমূলক সভা
উচ্চকন্ঠ 01-Nov-2026 5
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের নবদোয়ায় বাবা নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় ২৯তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাবা নবাই সন্ন্যাসীর পূণ্যভিটা, নবদোয়া কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিলন কুমার ঘোষ।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি খগেন্দ্র নাথ বিশ্বাস, সহ-সভাপতি গণেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক দীপ্ত কুমার ঘোষ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মধু কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বনমালি বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ প্রদীপ রায়, সম্মানিত সদস্য প্রহ্লাদ সরকার, দীপংকর ঘোষ, অসীম কর্মকারসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী ৩ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২৯তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞের সার্বিক আয়োজন, প্রস্তুতি, অনুষ্ঠান পরিচালনা, ভক্ত ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মিলন কুমার ঘোষ বলেন, বাবা নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে। এ আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভক্তি, ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের এক মিলনমেলা।
তিনি আরও বলেন, বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের আয়োজনকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহানাম যজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে কমিটির প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার মনোভাব নিয়ে পালন করতে হবে।
এ সময় তিনি স্থানীয় এলাকাবাসী, ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সনাতন ধর্মাবলম্বী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মহানাম যজ্ঞে সকলকে উপস্থিত থেকে ধর্মীয় এ মহতী আয়োজনের সৌন্দর্য ও পবিত্রতা বৃদ্ধিতে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত সবাই আগামী ২৯তম বার্ষিকী মহানাম যজ্ঞ সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
office@ukantho.com