প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে রাতের আঁধারে খামারীর ৩ গরু চুরি
উচ্চকন্ঠ 27-Oct-2026 22
হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা । চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান গাভী ও একটি দেশি ষাঁড় গরু ছিল। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন খামারী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।
২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। শেষ রাতে গরুকে আবারও খাবার দেওয়ার জন্য গোয়ালঘরের দিকে গিয়ে দেখেন তালা ভাঙ্গা এবং সেখানে গরু নেই। তিনটি গরুই চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি আহাজারি শুরু করেন। পরে স্থানীয় লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পায়নি।
আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা জানতে পেরেছেন, রাত আনুমানিক ৩টার পর একটি পিকআপে করে চোরচক্রের সদস্যরা গরুগুলো নিয়ে গেছে ।
স্থানীয় বাসিন্দা আব্দুল বকুল বলেন, এভাবে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। গরু চুরি হতে থাকলে কৃষকরা তাঁদের শেষ সম্বল কীভাবে রক্ষা করবেন? এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
office@ukantho.com