প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর প্রতিবাদে ছাত্রলীগের পুষ্পমাল্য অর্পণ
উচ্চকন্ঠ 10-Oct-2026 20
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার প্রতিবাদে পুষ্পমাল্য অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে ছাত্রলীগের ব্যানারে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ কর্মসূচির বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ও প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে মাল্যদান ও পুষ্প অর্পণ করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে আটক করা হয়।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। তাঁর স্মৃতির প্রতি অবমাননার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
office@ukantho.com