অপরাধ
জামালপুরে সেচপাম্পে মিলল কিশোরীর লাশ
উচ্চকন্ঠ 28-Aug-2026 12
এফএনএস: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচপাম্পের ঘর থেকে রুপসী আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় আব্দুল হান্নানের মোটর চালিত সেচপাম্পের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল সে। নিহত রুপসী একই উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, সকালে এক কৃষক নিজের জমিতে সার বুনতে যাওয়ার সময় সেচপাম্পের ঘরের ভেতরে লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হয় ও পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের বাবা ছাইরউদ্দিন বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। ভেবেছিলাম রাগ করে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে, ফিরে আসবে। সকালে জানতে পারি সেচপাম্পের ঘরে আমার মেয়ের লাশ পড়ে আছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
office@ukantho.com