প্রিয় ঝিনাইদহ
তরুণদের সংগঠিত করতে জাতীয় যুব কাউন্সিলের দেশব্যাপী পরিকল্পনা
উচ্চকন্ঠ 28-Aug-2026 16
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: তরুণদের ঐক্য, নেতৃত্বের বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় যুব কাউন্সিল। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে যুব সংযোগ, মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ আগস্ট) ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় যুব কাউন্সিল, খুলনা বিভাগের আয়োজনে মিটআপ প্রোগ্রাম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের দোয়েল যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজনে বিভিন্ন জেলার জাতীয় যুব কাউন্সিলের সদস্য, স্থানীয় যুব সংগঠক, উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্বের দক্ষতা, উদ্যোক্তা মনোভাব এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। তরুণদের মতামত ও সৃজনশীল উদ্যোগকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে যুক্ত করারও পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় ৬৪ জেলায় যুব নেতৃত্ব উন্নয়ন, উদ্যোক্তা ও কর্মসংস্থান সচেতনতা, পরিবেশ ও জলবায়ু সচেতনতা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা এবং মাদকবিরোধী প্রচারণাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দর্শনীয় স্থান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের মাধ্যমে তরুণদের নিজেদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিটি জেলার তরুণদের সমস্যা, সম্ভাবনা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা নিয়ে বাস্তবসম্মত ইয়ুথ অ্যাকশন প্ল্যান প্রণয়নেরও পরিকল্পনা রয়েছে। তরুণদের শুধু অংশগ্রহণকারী হিসেবে নয়, পরিকল্পনাকারী, সংগঠক, স্বেচ্ছাসেবক ও নেতৃত্বদাতা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া আমার জেলা, আমার গর্ব শীর্ষক উদ্যোগের আওতায় ৬৪ জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান, তরুণদের মতামত ও সামাজিক উদ্যোগের সফলতার গল্প সংকলন করে একটি সমন্বিত গ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ জাতীয় যুব কাউন্সিলের নেতারা আশা প্রকাশ করেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে সংগঠিত করে সুযোগের সঙ্গে যুক্ত করা গেলে তারাই উন্নত, মানবিক, সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
office@ukantho.com