প্রিয় ঝিনাইদহ
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
উচ্চকন্ঠ 27-Aug-2026 51
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন জানান, বুধবার সকালে অমরেন্দ্র নাথ গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মিনা ভৌমিকও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা বলেন, স্বামী-স্ত্রী দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
office@ukantho.com