প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ ও এক নারী আটক
উচ্চকন্ঠ 24-Aug-2026 39
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও এক নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার হরিহরনগর ও হুদাপাড়া সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বিল্লাল মন্ডলের আমবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মদের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়।
আটক নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
office@ukantho.com