অপরাধ
নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫
উচ্চকন্ঠ 30-Jul-2026 47
এফএনএস: নোয়াখালী পৌর এলাকার মোফাজ্জল হোসেন ফরহাদ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের মারধরে এ সময় আহত হয়েছেন ওই ব্যবসায়ীর পরিবারের পাঁচজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার এসআই সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত বুধবার রাত ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত প্রধান গেটের তালা ভেঙে ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে ফেলে। এরপর তাদের মারধর করে ঘরে থাকা আড়াই থেকে তিন ভরি সোনার গহনা ও নগদ পাঁচ থেকে ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এসআই সায়মা সুলতানা আরও জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
office@ukantho.com