প্রিয় ঝিনাইদহ
জটিল রোগে আক্রান্ত জিনিয়ার পাশে এসএসসি-০৮ ব্যাচের বন্ধুরা
উচ্চকন্ঠ 20-Aug-2026 26
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জটিল রোগে আক্রান্ত ১১ বছরের শিশু জিনিয়া খাতুনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে এসএসসি-২০০৮ ব্যাচের বন্ধুদের সংগঠন ওয়েলফেয়ার ফান্ড। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি মাঠে জিনিয়া ও তার বাবা জাহিদ আহমেদের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জিনিয়া মেহেরপুর সদর উপজেলার গোরস্থানপাড়ার রাজমিস্ত্রি জাহিদ আহমেদের বড় মেয়ে। সে ট্রাইভেন্ট্রিকুলার হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।
জিনিয়ার বাবা জানান, জন্মের পর থেকে তার মেয়ে স্বাভাবিকই ছিল। প্রায় তিন বছর আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় সে। জ্বর সেরে গেলেও মাথাব্যথা থেকে যায়। পরে মাথার ডান পাশে টিউমারের মতো একটি অংশ দেখা দেয়, যা ধীরে ধীরে বড় হচ্ছে। রোগের কারণে এখন আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না জিনিয়া।
চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা করা না হলে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। মেয়ের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় তিন লাখ টাকা খরচ করেছেন রাজমিস্ত্রি বাবা। সামনে অস্ত্রোপচারের জন্য আরও প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে ভবিষ্যতেও বিপুল অর্থের প্রয়োজন হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকার পপুলার হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সাব্বির শরিফ বলেন, এ রোগে মস্তিষ্কে অতিরিক্ত পানি জমে যায়। ফলে ধীরে ধীরে মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হতে থাকে। তবে যথাযথ সময়ে চিকিৎসা করা গেলে রোগী সুস্থ হয়ে উঠতে পারে।
তিনি বলেন, জিনিয়ার বাবা মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। ভিডিওটি এসএসসি-২০০৮ ব্যাচের বন্ধুদের নজরে আসার পর বিষয়টি নিয়ে তারা উদ্যোগ নেন। পরে সবার সহযোগিতায় জিনিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জিনিয়ার চিকিৎসার বিষয়ে ভবিষ্যতেও সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দেন ডা. সাব্বির শরিফ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদি রোম এবং সাধারণ সম্পাদক সাঈদ হোসেন কাননসহ সংগঠনের সদস্যরা।
office@ukantho.com