প্রিয় ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, সিরাপ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার
উচ্চকন্ঠ 03-Aug-2026 27
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিলজাতীয় সিরাপ, ভায়াগ্রা ও বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩ আগস্ট) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা ৫০ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ বেতবাড়িয়া এলাকায় সীমান্ত পিলার ৫০/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পাটক্ষেতের পাশ থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন সকাল ৬টা ২০ মিনিটে মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৫-এস সংলগ্ন মেদিনীপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি বাইসাইকেলসহ ৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেন।
এছাড়া রাত ১২টা ৫৫ মিনিটে নিমতলা বিওপির সদস্যরা ইশ্বরচন্দ্রপুর গ্রামের একটি মরিচক্ষেতে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় সিরাপ ও ৩৫২ পিস ভায়াগ্রা উদ্ধার করেন।
এর আগে রোববার (২ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটে নতুনপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৬/৩-এস সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯৫০ পিস বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করেন।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
office@ukantho.com