অন্যান্য
দিঘীতে ভাসছিল কিশোরের লাশ
উচ্চকন্ঠ 15-Jul-2026 41
এফএনএস: পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পকেট থেকে হাতে লেখা দুটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে চিরকুটের সত্যতা ও মৃত্যুর সঙ্গে এর সম্পর্ক তদন্তাধীন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘীর পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আলামত সংগ্রহ করে। পুলিশ জানায়, প্রথমে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তার পকেটে পাওয়া চিরকুটের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মানিক হোসেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের মামা রফিকুল ইসলাম জানান, গত সোমবার বিকেলে মানিক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে গতকাল বুধবার সকালে তার লাশ উদ্ধারের খবর পান তারা। পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর মানিক নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ করা হয়নি। গতকাল বুধবার সকালে স্থানীয়দের খবরে মহারাজার দিঘী থেকে তার লাশ উদ্ধার করা হয়। একইসঙ্গে লাশের পকেট থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং চিরকুটসহ অন্যান্য বিষয় তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
office@ukantho.com