প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে ইটের সুরকি ফেলে মসজিদের রাস্তা সংস্কার করলেন সমাজসেবক মাজেদুল ইসলাম
উচ্চকন্ঠ 12-Jul-2026 145
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী উত্তরপাড়া জামে মসজিদের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে বৃষ্টির পানিতে কাদাময় হয়ে পড়ে ছিল। এতে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় মানবিক উদ্যোগ নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ৭ নম্বর মহারাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সমাজসেবক মো. মাজেদুল ইসলাম (মাজু) নিজ অর্থায়নে রাস্তায় ইটের সুরকি ফেলে সেটিকে চলাচলের উপযোগী করে তোলেন। শনিবার ও রোববার (১১ ও ১২ জুলাই) তিনি এ কাজ সম্পন্ন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার কারণে রাস্তাটিতে নিয়মিত পানি জমে কাদার সৃষ্টি হওয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাতায়াতে মুসল্লিদের দুর্ভোগ ছিল নিত্যদিনের ঘটনা। একই সঙ্গে শিক্ষার্থী, প্রবীণ ব্যক্তি ও সাধারণ পথচারীদের চলাচলেও ব্যাপক সমস্যা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মাজেদুল ইসলাম (মাজু)-এর উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং তাঁর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।
সমাজসেবক মো. মাজেদুল ইসলাম (মাজু) বলেন, মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই সবচেয়ে বড় তৃপ্তি। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের কষ্ট দেখে নিজ উদ্যোগে রাস্তায় ইটের সুরকি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। এটি ছোট্ট একটি মানবিক উদ্যোগ মাত্র। সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের উপকারে এগিয়ে এলে আমাদের সমাজ আরও সুন্দর ও বাসযোগ্য হবে। আসুন, আমরা সবাই ভালো কাজের পাশে থাকি এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করি।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে বর্ষা মৌসুমে আর ভোগান্তির শিকার হতে না হয়।
office@ukantho.com