প্রিয় ঝিনাইদহ
কাদায় পিছলে পড়ে আহত নারী ও শিশুকে উদ্ধার করলেন ইউএনও: এ যেন জুতা মেরে গরু দান! বললেন এলাকাবাসী
উচ্চকন্ঠ 02-Jul-2026 71
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ কর্দমাক্ত রাস্তায় মোটর সাইকেল থেকে পড়ে শিশু সন্তানসহ আহত এক মহিলাকে উদ্ধার করে নিজ গাড়ীতে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মহানুভবতার এ ঘটনাকে কালীগঞ্জবাসী জুতা মেরে গরু দানের শামিল বলেও মন্তব্য করেছেন।
এলাকাবাসী জানান, গত ২৯ জুন সোমবার রাত ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে স্বামীর সাথে এক মহিলা তার শিশু সন্তানসহ মোটর সাইকেল পিছলিয়ে পড়ে আহত হন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ এ ঘটনা দেখে তাৎক্ষণিকভাবে ঐ মহিলা ও শিশু সন্তানকে তার গাড়িতে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের চোখের সামনে সারারাতদিন মাটিখেকোদের শতাধিক মাটি বহনকারী ট্রাক্টর পৌর শহর সহ উপজেলার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তারা এ পর্যন্ত কোন ব্যবস্থা নেননি। ফলে মাটিখেকোরা দ্বিগুণ উৎসাহে ফসলি জমির মাটি কেটে এসব সড়ক ব্যবহার করে তাদের মাটি বহনকারী ট্রাক্টরে মাটি গন্তব্যে পৌছিয়ে দিচ্ছে। এসব ট্রাক্টর থেকে রাস্তায় ঝুড়ি ঝুড়ি মাটি পড়ে বর্ষায় রাস্তা কর্দমাক্ত হয়ে প্রতিদিন শতশত মানুষ আহত হচ্ছে। এসব যেনো দেখার কেউ নেই। সঙ্গত কারণেই এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক শিশুসন্তানসহ আহত মহিলাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোকে জুতা মেরে গরু দান বলে আখ্যায়িত করেছেন।
office@ukantho.com