শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা উদ্বোধন বুধবার ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল জবাই-প্রক্রিয়াজাতের সক্ষমতা, মিলবে স্বাস্থ্যসম্মত মাংস

উচ্চকন্ঠ   16-Jun-2026   36

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে নির্মিত দেশের অন্যতম অত্যাধুনিক কসাইখানার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের আওতায় গড়ে ওঠা কসাইখানাটি বুধবার (১৭ জুন) সকালে উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর আওতায় বাস্তবায়িত এ মেগা প্রকল্পটি ঝিনাইদহ পৌরবাসীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন মাংস সরবরাহ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্প সূত্রে জানা যায়, কসাইখানা নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি) নির্মাণকাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের কার্যক্রম শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কসাইখানাটি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মিত কসাইখানাটি ৪৯ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল জবাই ও প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রায় আড়াই হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানাটিতে গরু ও ছাগল জবাই এবং প্রক্রিয়াজাতকরণের জন্য পৃথক দুটি স্লটার লাইন স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
তিনি বলেন, পশু জবাইয়ের আগে ধৌতকরণ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ হোল্ডিং জোন রাখা হয়েছে। এছাড়া জীবাণুমুক্ত পরিবেশে চামড়া ছাড়ানো ও মাংস কাটার জন্য স্লটার বক্স, ওভারহেড রেল, নিউমেটিক কাটার, ওয়ার্কিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওজন মাপার স্কেল, চামড়া তোলার মেশিন, ইলেকট্রিক করাত এবং বিশেষ হুক স্থাপন করা হয়েছে।
মাংসের গুণগত মান অক্ষুন্ন রাখতে ও সংরক্ষণের জন্য রয়েছে আধুনিক চিলিং রুম এবং কম্প্রেসার রুম। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে নিজস্ব জেনারেটর, সাব-স্টেশন এবং পরিবেশবান্ধব সোলার প্যানেল।
এছাড়া কসাইখানায় রয়েছে শক্তিশালী ওয়াটার পাম্প, গরম পানি সরবরাহের বিশেষ ব্যবস্থা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ফিল্টার বেডসহ আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট।
ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মিল্টন বলেন, আধুনিক এই কসাইখানা চালু হলে পৌরবাসী নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পাওয়ার নিশ্চয়তা পাবেন। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পশু জবাইয়ের কারণে সৃষ্ট পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ কসাইখানা শুধু নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই নয়, বরং নগর ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঝিনাইদহ পৌরসভার জন্য এটি একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হবে।

office@ukantho.com


Photo

এশিয়ার বৃহত্তম ‘বটবৃক্ষ’ সংরক্ষণে নেই কোন উদ্যোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের...

Photo

পাবনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে গুলি, দু-পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত

এফএনএস: পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের...

Photo

হিজাব বিতর্কে ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

এফএনএস: হিজাব পরতে বলা না বলা নিয়ে মিথ্যা অভিযোগে রাজধানীর ঐতিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত