অন্যান্য
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
উচ্চকন্ঠ 10-Jun-2026 39
কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে আবু বক্কর ও ওমর ফারুক নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর (০৫) ও ওমর ফারুক (০২) ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই শিশুর মা ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট ভাই ওমর ফারুক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই আবু বক্করও পানিতে নেমে ডুবে যায়।
পরে ঘুম থেকে উঠে মা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অলোক কুমার বাকসী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
office@ukantho.com