অপরাধ
মেহেরপুরে হাতবোমা ও কাফনের কাপড় রেখে চাঁদা দাবি
উচ্চকন্ঠ 17-May-2026 45
এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও আতঙ্ক ছড়িয়েছে হাতবোমা, কাফনের কাপড় ও হুমকি সংবলিত চিরকুট উদ্ধারের ঘটনায়। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজিপাড়া এলাকায় ইউসুফ আলীর বাড়ির প্রবেশ পথ থেকে এসব উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ইউসুফ আলীর মেয়ে বাড়ির প্রবেশ পথ পরিষ্কার করতে গিয়ে একটি পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পান। কাছে গিয়ে দেখেন, কাফনের কাপড়ের সঙ্গে একটি চিরকুট বাঁধা রয়েছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি হাতবোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করে। ভুক্তভোগী ইউসুফ আলী জানান, চিরকুটে লেখা রয়েছে ‘আসসালামু আলাইকুম ইউসুফ, তুমি সাবধান। তুই আর তোর ছোট সন্তান মৃত্যুর জন্য প্রস্তুত হও। পাঁচ লাখ টাকা রেডি কর।’ এ ধরনের হুমকিতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান। ভবানিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো একটি হাতবোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে, সাম্প্রতিক সময়ে গাংনী উপজেলায় একের পর এক একই ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে ভীতির সঞ্চার করেছে। বিভিন্ন এলাকায় হাতবোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চাঁদা দাবির চিরকুট উদ্ধারের ঘটনা এখন নিয়মিত হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি গাংনী উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত সরকারের দুটি গুরুত্বপূর্ণ দপ্তর, ভূমি অফিস ও সাবরেজিস্ট্রি অফিসে চুরির ঘটনা ঘটেছে, যা প্রশাসনিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। এছাড়া, থানার অদূরেই গরু চুরি, একাধিক মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুট, এবং বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি, দোকান ভেঙে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরাধের ধরন দিন দিন ভয়াবহ হয়ে উঠলেও দৃশ্যমান কোনো প্রতিকার বা কঠোর ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় না আনা গেলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, প্রতিটি ঘটনাকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
office@ukantho.com