প্রিয় ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক হয়নি কেউ
উচ্চকন্ঠ 04-May-2026 43
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৮/৮-আর থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে গয়েশপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। হাবিলদার মো. সায়াদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, ৩ মে ভোর ৪টার দিকে সামন্তা বিওপির একটি দল সীমান্ত পিলার ৫/৭-২-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে বেলেহাটি গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে ২৪ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ ফেন্সিডিল সিরাপ জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. শহর আলী।
একই দিনে সকাল ৭টার দিকে মাধবখালী বিওপির টহল দল সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭০/৫-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি ঘাসক্ষেতে অভিযান চালিয়ে ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত সামগ্রীগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
office@ukantho.com