প্রিয় ঝিনাইদহ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে
উচ্চকন্ঠ 14-Apr-2026 56
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উৎসবে অংশ নেয়। বেলা বাড়ার সাথে সাথে কালীগঞ্জ শহরে বাহারি শোভাযাত্রা নিয়ে আসতে শুরু করেন নানা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বর্ষবরণে বাদ্য-বাজনা ও গ্রামীণ সংস্কৃতির নানা প্রতীকী উপকরণ নিয়ে উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
পরে কালিগঞ্জ উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলার ইউ এন ও জনাবা রেজোয়ানা নাহিদ। এছাড়াও র্যালীতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন ও সহকারী ভূমি কমিশনার উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে উপজেলা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।
বর্ষবরণ উপলক্ষে নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রাণের উৎসবে মেতেছেন আজ। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও বর্ষবরণে নানা আয়োজন হাতে নেয়া হয়েছে। কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা, পান্তা-ইলিশ উৎসবসহ বাহারি আয়োজনে চলছে বর্ষবরণ।
office@ukantho.com