প্রিয় ঝিনাইদহ
শৈলকুপায় ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৪৭
উচ্চকন্ঠ 13-Mar-2026 44
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (গতকাল) রাতের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণের সময় মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মণ্ডলের সঙ্গে যুবদল নেতা শামীমের কথা কাটাকাটি হয়। শামীম তাঁর সমর্থকদের জন্য কয়েকটি কার্ড দাবি করলে এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
শামীম অভিযোগ করেন, ওই সময় সায়েম মণ্ডলের লোকজন তাঁকে মারধরের হুমকি দেন এবং তাঁকে খুঁজতে থাকেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।
সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে বাড়ি ফেরার পথে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
রাত ৮টা থেকে শুরু হয়ে প্রায় ১১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৪৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও একপর্যায়ে তাদের হিমশিম খেতে হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যুবদল নেতা শামীম বলেন, “ওয়ার্ড সভাপতি হিসেবে সায়েম মণ্ডলের কাছে অনেকগুলো কার্ড ছিল। আমি আমার কিছু সমর্থকের জন্য কার্ড চাইলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁর লোকজন আমাকে হুমকি দেন। সমঝোতা বৈঠকের নামে তারা আমাদের ওপর হামলা করেছে।”
অন্যদিকে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মণ্ডল বলেন, “আমি নিয়ম অনুযায়ী সবাইকে কার্ড ভাগ করে দিয়েছি। কিন্তু শামীম যুবদল করে, সে আমার সঙ্গে মূল দল বিএনপি করে না। এজন্য তাকে কার্ড দেওয়া হয়নি।”
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
office@ukantho.com