মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   22-Jan-2026   58

Photo

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ১০ দলীয় ঐক্যকে জয়ী করতে সারাদেশের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি- আপনারা ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন; ১০ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টিন সারাদেশে যেই ৩০ জন প্রার্থী রয়েছেন, সেই ৩০ জন প্রার্থীকে ‘শাপলা কলি’ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে। এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা বলেন, আমরা যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা চাই। এবং সেই নির্বাচনে জয় লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। নির্বাচন কমিশন এবং সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের জায়গা থেকে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। আমরা বিভিন্ন সময় বলে এসেছি- তারা একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি বলেন, এই যে বিগত কয়েকদিন নির্বাচন প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে আমরা শুধু ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোয় নির্বাচন কমিশন আমাদের শোকজ নোটিশ দিয়েছে। নাহিদ ইসলাম বলেন, আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান, বিচারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান, একইভাবে নির্বাচন এবং গণভোটের পক্ষে দৃঢ় অবস্থানে আছে। যে কোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয় সেজন্য যা যা করা প্রয়োজন তা আমরা করব। ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য ‘শাপলা কলি’ মার্কায় ভোট চেয়ে নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের মানুষের যেই মনের কথা, বাংলাদেশের মানুষের যে স্বপ্নের কথা, ঢাকা-৮-এর বাসিন্দাদের যেই কষ্ট, দুঃখ ও দুর্দশার কথা; নাসীরুদ্দীন পাটওয়ারী সেটা তুলে ধরছেন। তিনি অত্র এলাকার দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছেন; ঢাকা-৮ এলাকার নতুন মাফিয়াদের বিরুদ্ধে নতুন জমিদারদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারী ১০ দলীয় ঐক্যের পক্ষ থেকে কথা বলে যাচ্ছেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনী যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনী যাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়নের দাবিতে পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ বাস্তবায়নের...

Photo

ভাতিজার সঙ্গে গৃহবধূ নিখোঁজ: মায়ের জন্য কান্নায় ভাসছে ৫ বছরের শিশুকন্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর...

Photo

মাদকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা: প্রশ্নের মুখে কালীগঞ্জ থানার ওসির ভূমিকা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার এখন ভয়াবহ...

Photo

কালীগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত