জাতীয়
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না: সালাউদ্দিন
উচ্চকন্ঠ 17-Feb-2025 43
এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার এই সরকারের নেই। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। গতকাল সোমবার বিকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনীতির দাফনও হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। কাজেই আওয়ামী লীগ আর হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার কোনও অধিকার নেই। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রæত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করেছে কক্সবাজার জেলা বিএনপি। জনসভায় যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এসে যোগ দেন দলের নেতকর্মীরা। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।
office@ukantho.com