সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৫

উচ্চকন্ঠ   26-Dec-2025   60

Photo

এফএনএস: চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ধাক্কায় ভোলার চরফ্যাশন থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের অন্তত ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে পরিচয় নিশ্চিতের বিষয়টি জানিয়েছেন ভোলার ইলিশা নৌ থানার ওসি সৈয়দ আশিকুর রহমান। পরিচয় শনাক্ত হওয়া চারজন হলেন, ভোলার লালমোহনের পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের মো. মিলনের স্ত্রী রিনা বেগম (৪০), একই উপজেলার কাজিরাবাদ গ্রামের আব্দুল গণি (৩৮), মো. সাজু (৪৫) ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার আহম্মেদপুরের মো. হানিফ (৬০)। লঞ্চের যাত্রী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশনের ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাকির সম্রাট-৩। গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে পৌঁছালে প্রচন্ড কুয়াশার কারণে লঞ্চটি গতি কমিয়ে দেয়। এসময় পেছন থেকে আসা বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দিলে জাকির সম্রাট-৩ লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আর আহত হয়েছে অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লঞ্চটি নিহত ও আহত যাত্রীদের নিয়ে ঢাকা সদরঘাটে পৌঁছায়। ভোলার ইলিশা নৌ থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনাটি চাঁদপুর জেলায় ঘটেছে। তবে আমরা নিহত ও আহতদের খোঁজ-খবর নিয়ে যাচ্ছি।
নিহতদের পরিবারকে দেড় লাখ, আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা: এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে দেড় লাখ টাকা ও আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এছাড়াও লঞ্চ দুটির মালিকপক্ষকে ডাকার নির্দেশ দেন নৌপরিবহন উপদেষ্টা। দায়ী মালিকপক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানান তিনি। গত বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী লঞ্চ এডভেঞ্চার-৯ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ঘোষের হাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ চাঁদপুর জেলার হাইমচর থানাধীন মেঘনা নদী এলাকায় পৌঁছালে গভীর কুয়াশার কারণে রাত আনুমানিক আড়াইটার দিকে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় লঞ্চটির চারজন যাত্রী নিহত এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার খবর পেয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গতকাল শুক্রবার সকালে রাজধানীর সদরঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ পরিদর্শন করেন। তিনি নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। লঞ্চ দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন উপদেষ্টা। তিনি দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
৮ সদস্যের তদন্ত কমিটি: এদিকে, লঞ্চ দুর্ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। গতকাল শুক্রবার তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ এমরান হোসেন, নৌপরিবহন অধিদপ্তরের একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), বিআইডবিøউটিএ’র একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্টগার্ডের একজন প্রতিনিধি, নৌপুলিশের একজন প্রতিনিধি। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ টি এম মোর্শেদ। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ জব্দ, আটক ৪: এদিকে দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী লঞ্চ ‘অ্যাডভেঞ্চার-৯’ ঝালকাঠি লঞ্চ টার্মিনাল থেকে জব্দ করেছে নৌ-পুলিশ। একই সময় লঞ্চটির চারজন কেবিন বয়কে আটক করা হয়। ঝালকাঠি থানা পুলিশ ও নৌ-পুলিশ সূত্র জানায়, আজ গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজাম শিপিং লাইন্সের ‘অ্যাডভেঞ্চার-৯’ ঝালকাঠি লঞ্চ টার্মিনালে পৌঁছলে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে লঞ্চটি জব্দ ও চার কেবিন বয়কে আটক করে। জানা যায়, এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ এর সঙ্গে ‘অ্যাডভেঞ্চার-৯’-এর সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও কয়েকজন আহত হন বলে নৌ-পুলিশ নিশ্চিত করেছে। জেলা সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ বলেন,লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর এর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যায়। তবে চারজন কেবিন বয়কে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আটকৃত চারজন লঞ্চ স্টাফ হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার কয়য়ারচর এলাকার আব্দুল কুদ্দুস মাঝির ছেলে মো. মিন্টু (২৮), পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাহের গজালিয়া এলাকার খলিলুর রহমান গাজীর ছেলে মো. সোহেল (৪০), ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠি এলাকার ছামসুল হক হাওলাদারের ছেলে মহিন হাওলাদার (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রুপসী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. মনিরুজ্জামান (৪০)। বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আমি ঝালকাঠিতে এসে লঞ্চটি আটক করার নির্দেশ দেই। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

২৮ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, আসতে পারে অবৈধ অস্ত্র: গোয়েন্দা প্রতিবেদন

এফএনএস: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রর...

Photo

গাড়ি নেই-প্লট নেই, রাশেদ খাঁনের: স্বর্ণ আছে ৩০ ভরি, স্ত্রীর ১০ ভরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে...

Photo

তাদের কর্মকান্ড হলো রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা: রিজভী

এফএনএস: জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...

Photo

সংস্কার ও বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

এফএনএস: সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত