প্রিয় ঝিনাইদহ
পৃথিবীর যেকোনো আদালতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
উচ্চকন্ঠ 22-Nov-2025 40
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যা মামলায় শেখ-হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যেকোন আদালত বলবে তারা দোষী। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে। আসামি পক্ষের আপিল করার সুযোগ আছে বলে জানিয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মুল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দেখছি মাত্র ২০ দিনে ১৪’শর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আমরা একদিকে যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি, আমরা নজর দিচ্ছি আইনী শাসনের দিকে, আমরা নজর দিচ্ছি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে। যে কারণে দেখেছেন আমরা দায়িত্ব নেওয়ার পরে মেজর সিনহার মতো একজন নিষ্পাপ মানুষকে পুলিশী দুর্বৃত্তায়নের মাধ্যমে খুন করার বিচারটা আমরা তরান্বিত করেছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে আবরার ফারহাদের মতো মেধাবী ছাত্রকে নির্মম হত্যাকান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করার চেষ্টা করেছি। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই বলেই জুলই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যেই দেখেছেন ট্রাইব্যুনালে মামলা করে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটা আমাদের অঙ্গীকার। অনেকের কাছে মনে হতে পারে এটা রাজনৈতিক কিন্তু যে এভিডেন্স এসেছে, যে সাক্ষ্য প্রমাণ এসেছে পৃথিবী যে কোন আদালতে গেলে এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী। এরাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, সমালোচনা আমাদের থাকবেই। কিন্তু কারা সমালোচনা করছে তাদের দেখতে হবে। আর আমি ১৪’শর উপর মানুষ মাত্র ২০ দিনে খুন হয়েছে সেটা দেখছি। মাত্র ২০ দিনে ৩০ হাজারের মতো মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমি এদের জন্য ন্যায় বিচার দেখছি, হাসিনা আমার কাছে মুখ্য নয়। আমার কাছে মুখ্য মানবতা বিরোধী অপরাধ হয়েছে, আমার সমাজ রক্তাক্ত হয়েছে, আমার দেশ রক্তাক্ত হয়েছে। আমার দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এতোগুলো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমি সেইটা দেখছি।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিচার কার্য একটি সমাপ্ত হয়েছে। আইনী প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। সেখানে আসামী পক্ষ চেষ্টা করবেই, যারা হেরে যায় এটা আমাদের সংস্কৃতির পাট যে আমরা ন্যায় বিচার পাইনি। যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন উনাদের আপিল করার সুযোগ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন আমি মনে করি আইন সম্পর্কে উনার সঠিক ধারণা নাই, যে কারনে উনি এই কথা বলেছেন। রায় কার্যকর করার জন্য সরকারের যে ম্যাকানিজম আছে সে ম্যাকানিজমে সরকার আগাবেন। এখানে এ্যাটর্নী জেনারেলের ভূমিকা নাই। এ্যাটর্নী জেনারেলের কাছে যদি আসে ওপিনিয়নের জন্য এ্যাটর্নী জেনারেল ওপিনিয়ন দেবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সৈয়দা আতিকুর নাহার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষ নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজের শিক্ষক রাশেদুজ্জামান প্রমুখ।
office@ukantho.com