অপরাধ
কুষ্টিয়ায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
উচ্চকন্ঠ 07-Nov-2025 54
এফএনএস: আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশি দিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারণে বেশ কয়েক দিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। এরই জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রেশমা নিজের কন্যাসন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাদের ডেকে না পেলে ঘরের জানালা দিয়ে মা রেশমা খাতুনের লাশ ঝুলতে দেখে দরজা ভেঙে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেন। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের লাশ থানা হেফাজতে নেয়। দৌলতপুর থানার ওসি সোলয়মান শেখ জানান, ঘটনাটি সত্য। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
office@ukantho.com