রাজনীতি
অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান বিএনপির
উচ্চকন্ঠ 21-Oct-2025 57
এফএনএস: ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন, অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় তাদের যেতে হবে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন। সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরানোর দাবি জানান তিনি। বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যদিও বিচারবিভাগের বিষয়, এরপরও ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা, তাই বিষয়টি নিয়ে তাকে উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদোন্নতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বলেছি। এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে বিএনপি: এদিকে, মঙ্গলবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকে বলে আশ্বস্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কমিটেড, বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে। তাদের সমাজে, রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবেৃএটা আমাদের প্রমিজ। তিনি বলেন, আসুন আমরা একসঙ্গে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যটা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক, স্বপ্ন আজিম প্রমূখ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিএনপি মহাসচিব তাদের সমস্যা অবহিত হয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।
office@ukantho.com