প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ
উচ্চকন্ঠ 28-Sep-2025 64
প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দুর্গাপূজা শুরুর দিনে কয়েক শত দুঃস্থ হিন্দু পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে কালীগঞ্জের কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাহতাব উদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবু সশাঙ্ক কুমার সানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী শিবুপদ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী, বিশিষ্ট ব্যবসায়ী সৌমেন দাস, সার্বজনীন কালীগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক শহীদ নূর আলী কলেজের সহযোগী অধ্যাপক পঙ্কজ কুমার সাহা, বিএনপি নেতা আব্দুল আলিম, মোজাম্মেল হক, বাবুল আক্তার, স্বেচ্ছাসেবকদল নেতা মাষ্টার জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী দল সবসময়ই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায়। কিন্তু বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা এই সনাতনী সম্প্রদায়কে তার ব্যক্তি স্বার্থে সংখ্যালঘু তকমা ব্যবহার করত। আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে কোন সংখ্যালঘু শব্দ থাকবে না। আমরা সবাই বাংলাদেশী, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একই সাথে বসবাস করতে ও দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। জননেতা হামিদুল ইসলাম হামিদ সকলের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের ধর্মীয় সকল রীতি মেনে পুজায় আনন্দ উৎসবে মেতে উঠবেন এবং এ আনন্দ উৎসবকে নির্বিঘ্ন করতে আমি ও আমার দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। উল্লেখ্য, বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শত শত দুঃস্থ হিন্দু পরিবারের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
office@ukantho.com