অন্যান্য
পাহাড়ে হারিয়ে যাওয়া ৭ স্কুল শিক্ষার্থী উদ্ধার
উচ্চকন্ঠ 27-Sep-2025 36
এফএনএস:চট্টগ্রামে পাহাড়ে হারিয়ে যাওয়া বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ডাকভাঙা পাহাড় এলাকা থেকে শিশুদের উদ্ধার করে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শিশুদের উদ্ধারে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। তারা হলো-আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২)। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পুলিশের কাছে খবর দেন। পরে চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে। ফুটেজে দেখা যায়, শিশুরা মিয়ার বাজার থেকে ইজিবাইকে উত্তর দিকে যায়। এরপর আর দেখা না যাওয়ায় পুলিশ ধারণা করে, তারা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছয়টি দল গঠন করে পাহাড়ি এলাকা, জঙ্গল ও দুর্গম পথে তল্লাশি চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকেরাও অনুসন্ধানে অংশ নেন। গতকাল শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে সাত শিশু সুস্থ অবস্থায় উদ্ধার হয়। জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের একা দুর্গম এলাকা বা পাহাড়ে যেতে নিরুৎসাহিত করতে হবে। বিদ্যালয় শেষে নিরাপদে বাড়ি ফেরার বিষয়ে নজর রাখতে হবে। শিশুদের মোবাইল ফোন বা পরিচয়পত্র বহনে উৎসাহিত করা, অচেনা ব্যক্তি বা যানবাহনের সঙ্গে শিশুদের যাতায়াত এড়িয়ে চলা, শিশুদের সঙ্গে নিয়মিতভাবে নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে হবে। চট্টগ্রামের পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতু বলেন, শিশুদের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বাঁশখালী থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।
office@ukantho.com