অপরাধ
পালিত নাতির হাতে পালক নানী খুন
উচ্চকন্ঠ 21-Sep-2025 47
এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার সিটি পল্লীতে পালিত নাতির হাতে নিহত হয়েছেন হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারী। এ ঘটনায় নাতি সাজেদুল হক সাজুকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। গত শনিবার বিকালে বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই শেখ নজরুল ইসলাম। তিনি জানান, বাসা থেকে নিহতের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। শেখ নজরুল ইসলাম বলেন, হাসিনা বেগমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিহতের পালিত নাতি সাজেদুল হক সাজুকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে সে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের ভাতিজা আশরাফ আলী জানিয়েছেন, হাসিনা বেগম সিটি পল্লীর টিনসেট বাসায় একাই থাকতেন, তার স্বামী নুরুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তাদের এক মেয়ে আছে। সে বিবাহিত, গ্রামের বাড়িতে থাকে। সাজেদুল নামে ঐ ছেলে নানী নানী করতো। তাই তিনি তাকে তার সঙ্গে রাখতেন। তিনি বাসা বাড়িতে কাজ করতেন। তিনি বলেন, সাজেদুল হাসিনা বেগমকে হত্যার পর বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। হাসিনা বেগমকে সকালে উঠতে দেরি দেখে ডাকতে যান এক প্রতিবেশী। দরজা খুলে মেঝেতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে লোকজন এসে দেখতে পায় এবং পাশের দোকানের সামনে থেকে সাজেদুলকে আটক করে। সে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজারের পাশে তার গ্রামের বাড়ি। বর্তমানে ধলপুর সিটি পল্লীর বাসায় থাকতেন।
office@ukantho.com