রাজনীতি
নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে: দুদু
উচ্চকন্ঠ 19-Sep-2025 45
এফএনএস: আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক প্রতীকী যুব সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের মতো কোনও গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি। সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা বিরোধী দলের কথা শুনলে এত লজ্জাজনক পলায়ন করতে হতো না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে দুদু বলেন, যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে। বিএনপি মনে করে, নির্বাচনই দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে। এ নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
office@ukantho.com