শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানার জামিন

উচ্চকন্ঠ   09-Sep-2025   73

Photo

এফএনএস: কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদলতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে করা সুলতানা পারভীনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সুলতানার আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ প্রমুখ। অন্যদিকে, সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। এর আগে গত ২ সেপ্টেম্বর এই মামলায় সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট আসামি সুলতানা পারভীন হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর সুলতানা পারভীন গত ২১ আগস্ট কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। তবে তিনি সশরীরে আদালতে উপস্থিত হননি। এ নিয়ে আপত্তি জানিয়ে সাংবাদিক আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে একটি পিটিশন দাখিল করেন। গত ২ সেপ্টেম্বর আদালত সবকটি আবেদন শুনানি শেষে আসামি সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয়। পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে পেটানো হয়। এরপর মাদক রাখার অভিযোগ দেখিয়ে মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালতের নামে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এ নিয়ে সারাদেশে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হলে একদিন পর সাংবাদিক আরিফকে জামিন দেয় জেলা প্রশাসন। জামিনে মুক্তি পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন ও তিন ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন আরিফ। পরে হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। এরপর জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন সুলতানা পারভীন। অপর আসামিরা এখনও আদালতে আত্মসমর্পণ করেননি।

office@ukantho.com


Photo

১৫ দিনেও সন্ধান মেলেনি কালীগঞ্জের হাফেজি পড়ুয়া ছাত্র রিজভীর, গুম বা পাচারের আশংকা পরিবারের

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাড়ী থেকে বের হয়ে ১৫ দিনেও ফিরে আসেনি...

Photo

পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি কক্ষ থেকে...

Photo

কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ: ১৪৪ ধারা জারি: উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালগঞ্জে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল কর্তৃপক্ষ...

Photo

দিনাজপুরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন, এগিয়ে এসে আহত স্ত্রী-শ্যালক

এফএনএস: দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে ধারালো ছুরির আঘাতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত