অপরাধ
ভারতে পালানোর সময় শেখরের ভাই গ্রেপ্তার
উচ্চকন্ঠ 02-Sep-2025 57
এফএনএস: ভারতে পালানোর সময় মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শেখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে (৪৫) চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসাম দর্শনার জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে তালাবদ্ধ একটি ব্যাগ জব্দ করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যাওয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তার কাছ থেকে একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হিসামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মাগুরা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আশরাফুজ্জামান নামে একজন আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন বলে সংবাদ পেয়েছি। তাকে মাগুরায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় রওনা হয়েছে।
office@ukantho.com