অপরাধ
চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা
উচ্চকন্ঠ 13-Aug-2025 56
এফএনএস: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় শত্রুতার জের ধরে মিজানুর রহমান অভি (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে এখলাছপুর লঞ্চঘাটের রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত অভি এখলাছপুর গ্রামের মৃত ফজলুল হক কাজীর ছেলে। স্থানীয়রা জানান, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কয়েকদিন পরপর এলাকায় আসতেন। ঘটনার চার-পাঁচ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। স¤প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর (৩৫) সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে এখলাছপুর লঞ্চঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভির বন্ধু নুর আলম ব্যাপারী জানান, ঘটনার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে তাকে কল দিয়ে নাহিদ বলে, অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায় বলে তিনি দাবি করেন। মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখম ও ডান চোখের ওপর মাথায় গুলির চিহ্ন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
office@ukantho.com