অপরাধ
রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জন দুই দিনের রিমান্ডে
উচ্চকন্ঠ 31-Jul-2025 71
এফএনএস: রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুপল্লীতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৫ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণকমল রায় এই রায় দেন। এর আগে গত বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা করেন বিচারক। রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান। ওই পাঁচজন হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী, ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া, চাঁদখানা মাঝাপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম, পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে আতিকুর রহমান খান ও চওড়াপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম। উল্লেখ্য, গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের এক কিশোর (১৭) সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে- এমন অভিযোগ পায় পুলিশ। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে গত শনিবার রাতে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে গত রোববার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয় তাকে। ওই কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় পর্বের শিক্ষার্থী ও আলদাদপুর বালাপাড়া গ্রামের সুজন চন্দ্র রায়ের ছেলে। এরপর ওই দিন রাত ও রোববার বিকেলে বালাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ১৮টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল উত্তেজিত জনতা। ঘটনার তিন দিন পর গত মঙ্গলবার অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন এক ভুক্তভোগী। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, মামলার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
office@ukantho.com