প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
উচ্চকন্ঠ 30-Jun-2025 86
হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ৯৮ নং মহিষাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটতে পারে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয়টির সহকারী শিক্ষক গীতা রানী জানান,সকালে আমি বিদ্যালয়ে এসে দেখি বিদ্যালয় ভবনে গ্রিলের তালা ভাঙা। এমতাবস্থায় সকল শিক্ষকরা একসাথে ভবনে প্রবেশ করে দেখি শিক্ষকদের কক্ষের দরজার তালাও ভাঙ্গা। কক্ষে প্রবেশ করে দেখি আলমারি খোলা এবং সেখানে থাকা সব মালামাল এলোমেলোভাবে নিচেই পড়ে আছে। পরে লক্ষ করি, বিদ্যালয়ের প্রজেক্টর, ল্যাপটপ, প্রিন্টার মেশিন, মাইক সেট,তিনটি পিতলের ঘন্টা, প্রেসার কুকার, প্রাথমিক চিকিৎসা বক্স, মডেম এবং পেনড্রাইভ চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়।চুরির এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে উপজেলার খড়িকাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং মে মাসে শশারপাড়া ভিটেখোলা প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মাসুদুর রহমান জানান, একের পর এক প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় থানা পুলিশে অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার মিলছে না। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম (ওসি) জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
office@ukantho.com