প্রিয় ঝিনাইদহ
কাউকে ইচ্ছা করলেই আওয়ামী লীগ বা জামায়াত বানানো যাবে না: হামিদুল ইসলাম
উচ্চকন্ঠ 19-Jun-2025 31
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে বিএনপি নেতা শহীদ ইউনুস আলী বিশ্বাস ও মহব্বত আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১লা জুন একটি সন্ত্রাসী বাহিনীর বর্বর হামলায় মহব্বত আলী বিশ্বাস ও ইউনুস আলী বিশ্বাস নিহত হন।
কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিয়ার রহমান সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন, ৯নং বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ২নং জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্যা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, জুমারত আলী, আব্দুল মাজেদ, কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, আব্দুল আলিম, মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিহতদ্বয়ের ছোট ভাই ইয়াকুব আলী বিশ্বাস। প্রধান অতিথি বক্তব্যে হামিদুল ইসলাম বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এই নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে অবগত রয়েছেন। তিনি দলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। একটি কেন্দ্রীয় তদন্ত টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আরেকটি টিমও তদন্ত করছে। সত্যকে ঢাকার কোনো সুযোগ নেই—যেটা বস্তুনিষ্ঠ, সেটাই প্রকাশ পাবে। কাউকে ইচ্ছা করলেই আওয়ামী লীগ বা জামায়াত বানানো যাবে না।" তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ড প্রতিহিংসার ফসল। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
office@ukantho.com