প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
উচ্চকন্ঠ 13-Jun-2025 72
বেসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপির একাংশ। জয়ন্ত কুমার কুন্ডু বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশ স্থলে হাজির হলে মাঠের একপাশে ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বত্তরা পালিয়ে যায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখিন হতে হবে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই দ্রুত সময়ের মধ্যে এ হামলার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ করেছে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, রামচন্দ্রপুর বাজারে একটু উত্তেজনা হয়েছিলো। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ককটেল বিস্ফোরনের ঘটনাকে তিনি পটকা বা বাজি ফাটিয়েছে বলে উল্লেখ করেন।
office@ukantho.com