রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

২০২৫-২৬ অর্থবছরের বাজেট: সংকোচন, করছাড় ও মূল্যস্ফীতির দ্বন্দ্বে নতুন অর্থনৈতিক রূপরেখা

উচ্চকন্ঠ   02-Jun-2025   31

Photo

এফএনএস: আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করা হলো নতুন এক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায়। রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত এই বাজেট গতকাল সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপন সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই বাজেটকে সংকোচনমূলক বলে আখ্যায়িত করেছে সরকার। চলতি অর্থবছরের তুলনায় নতুন বাজেট ৭ হাজার কোটি টাকা কম। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। অর্থ উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে আদায় হবে ৬৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর কাঠামোয় আংশিক পরিবর্তন আনা হয়েছে। করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকলেও সর্বনি¤œ কর নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা এবং নতুন করদাতাদের জন্য নির্ধারিত হয়েছে ১ হাজার টাকা। ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর আবগারি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা সাধারণ ও মধ্যবিত্ত আমানতকারীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। আমদানি খাতে ১১০টি পণ্যের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার, ৬৫টি পণ্যের শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে তরল দুধ, স্যানিটারি ন্যাপকিন, বিদেশি মাছ-মাংস, চিনি, ক্যান্সারের ওষুধসহ কিছু পণ্যের দাম কমতে পারে। অন্যদিকে, মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, প্লাস্টিক পণ্য, বিদেশি প্রসাধনী, নির্মাণ সামগ্রী ও অনলাইন ব্যবসার ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে, যা সাধারণ মানুষের ব্যয় বাড়াতে পারে। বাজেটে বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা, বিধবা ভাতা ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা করা হয়েছে। এছাড়া মা ও শিশু সহায়তা ভাতা ৮৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং স্মৃতি সংরক্ষণে ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে বর্তমানের ৫০ লাখ পরিবারের সঙ্গে আরও ৫ লাখ পরিবার যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া এই কর্মসূচির মেয়াদ ৬ মাসে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে এবং কৃষকদের কৃষি আয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বাজেটে প্রথমবারের মতো বøু ইকোনমি খাতে ২০০ কোটি টাকা এবং স্টার্টআপ সেক্টরে ১০০ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে। যা উদ্ভাবনী উদ্যোগ ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য কিছু বিশেষ সুবিধা ও খাতে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব মানবিক ও সামাজিক নিরাপত্তাকে জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেটে কর ছাড়ের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাজারে দর নিয়ন্ত্রণে পর্যাপ্ত নজরদারি না থাকলে এসব সুবিধা ভোক্তার কাছে পৌঁছাবে না। অর্থনীতিবিদ ড. মোহাম্মদ রুহুল আমিন বলেন, বাজার মনিটরিং ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ ছাড়া বাজেটের সুফল পুরোপুরি কার্যকর হবে না। অন্তর্বর্তী সরকারের এই বাজেট আগামী ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে। নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে। বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই বাজেটকে “বাস্তবমুখী, কল্যাণমুখী ও সমতাভিত্তিক”আখ্যায়িত করে বলেন, এই বাজেটের মূল লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জীবনমান উন্নয়ন।
প্রস্তাবিত বাজেটে কর ছাড়, যেসব পণ্যের দাম কমতে পারে
বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যে শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য কিছু পণ্যের মূল্য কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রস্তাব ঘোষণার মধ্য দিয়ে নতুন বাজেটে জনবান্ধব দিকটি তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই বাজেট উপস্থাপন করেন। এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবের ভিত্তিতে কিছু কর কাঠামোর পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে যায়, ফলে তার প্রভাব বাজারে পড়তে শুরু করে।
যেসব পণ্যের দাম কমতে পারে:
১. তরল দুধ ও স্যানিটারি ন্যাপকিন:
প্যাকেটজাত তরল দুধ ও স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য কিছুটা সস্তা হতে পারে।
২. চিনি:
পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টনে ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে চিনির পাইকারি দাম কমে খুচরা বাজারেও প্রভাব পড়তে পারে।
৩. কম্পিউটার মনিটর:
২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেকটিভ মনিটরও এ তালিকায় যুক্ত। এর ফলে বড় আকারের মনিটরের দাম কমার সম্ভাবনা রয়েছে।
৪. বলপয়েন্ট কলম:
স্থানীয়ভাবে উৎপাদিত বলপয়েন্ট কলমে ভ্যাট অব্যাহতির ফলে শিক্ষার্থীদের জন্য এটি আরও সহজলভ্য হবে।
৫. আইসক্রিম:
বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে সম্পূরক শুল্ক বাড়ানো হলেও এবার তা ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমে যেতে পারে।
৬. বিদেশি মাছ ও মাংস:
স্যামন ও টুনার মতো বিদেশি মাছ এবং বিদেশি মাংসের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এতে উচ্চবিত্ত ও অভিজাত হোটেল-রেস্তোরাঁগুলোতে ব্যবহৃত এসব খাদ্যপণ্যের দাম কিছুটা কমতে পারে।
৭. বিদেশি পোশাক ও জুতা:
পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাক ও স্যান্ডেলের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এতে বিলাসপণ্যের এই খাতে কিছুটা মূল্যছাড় আসতে পারে।
৮. বিদেশি প্লাস্টিক তৈজসপত্র:
বিদেশি প্লাস্টিক সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে।
৯. বাটার:
বাটার আমদানিতে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ফলে দাম কমার সম্ভাবনা রয়েছে।
১০. ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি, ই-বাইক:
ব্যবহারবান্ধব পরিবহন খাতের উন্নয়নে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইকের ওপর ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে আইসিইউসহ সব অ্যাম্বুলেন্স, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ভ্যাট অব্যাহতির ঘোষণা এসেছে।
১১. বাস ও মাইক্রোবাস:
১৬ থেকে ৪০ আসনের বাস এবং ১০ থেকে ১৫ আসনের মাইক্রোবাসে শুল্ক-কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে, যা পরিবহন খাতে দাম কমার ইঙ্গিত দেয়।
১২. টায়ার:
টায়ার উৎপাদনের কাঁচামালের শুল্ক কমানো হয়েছে, যার ফলে যানবাহন রক্ষণাবেক্ষণে খরচ কমতে পারে।
১৩. কৃষি যন্ত্রপাতি:
কম্বাইন্ড হারভেস্টারসহ কৃষি যন্ত্রাংশ তৈরির কাঁচামালে শুল্ক কমানো হয়েছে। এতে কৃষিজ খাতে ব্যয় হ্রাস পাবে।
১৪. ক্যান্সারের ওষুধ:
ক্যান্সার প্রতিরোধক ওষুধ ও সংশ্লিষ্ট কাঁচামালে শুল্ক অব্যাহতির সুবিধা সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে, যা রোগীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।
১৫. কোল্ড স্টোরেজ যন্ত্রপাতি:
কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানিতে শুল্ক রেয়াতি সুবিধা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে সংরক্ষণ খরচ কমে কৃষিপণ্যের দামও স্থিতিশীল থাকতে পারে।
১৬. তৈজসপত্র:
পাতা, ফুল বা বাকলের তৈরি প্লেট ও বাটি, হাতে তৈরি মাটির তৈজসপত্র এবং টেক্সটাইল গ্রেড ডেট চিপস তৈরিতে ভ্যাট ছাড়ের প্রস্তাব করা হয়েছে।
১৭. পেট্রোলিয়ামজাত পণ্য ও এলএনজি:
পেট্রোলিয়াম পণ্যের আমদানিতে ট্যারিফ মূল্য তুলে দেওয়া এবং এলএনজির ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। এর প্রভাব জ্বালানি বাজারে পড়বে বলে আশা করা হচ্ছে।
১৮. ব্যাংকে টাকা জমা:
ব্যক্তিগত ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এর ফলে ছোট-মাঝারি সঞ্চয়কারীদের জন্য ব্যাংকে টাকা রাখা আরও লাভজনক হবে।
বাজেট বাস্তবায়নের পটভ‚মি
জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা পাল্টে যাওয়ায় এবারের বাজেট সংসদের বাইরে বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আগামী ৩০ জুন বাজেট পাস করা হবে এবং ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।
অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটে যেসব খাতে কর ছাড় দেওয়া হয়েছে, সেগুলোর সুফল ভোক্তা ও উৎপাদনকারী উভয় পক্ষই পেতে পারে। তবে বাস্তবে দাম কমাতে হলে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে হবে।
এলপিজি থেকে বেøড- যেসব পণ্যের দাম বাড়বে বাজেটের পর
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বেশ কিছু ভোগ্য ও গৃহস্থালি পণ্যের ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এর আগে দিনটিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাজেট অনুমোদনে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রস্তাবিত বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কাস্টমস কর্মকর্তাদের পাঠানো নির্দেশিকা বিশ্লেষণ করে দেখা গেছে- বহু পণ্যে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে কিংবা শুল্ক বাড়ানো হয়েছে। এর ফলে বাজারে এসব পণ্যের সরাসরি মূল্যবৃদ্ধি ঘটতে পারে।
কোন কোন পণ্যের দাম বাড়তে পারে?
১. মোবাইল ফোন:
দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন খাতে বিদ্যমান ভ্যাট অব্যাহতির পরিমাণ কমানো হয়েছে। পাশাপাশি আড়াই শতাংশ অতিরিক্ত ভ্যাট আরোপের প্রস্তাবও রাখা হয়েছে। এর প্রভাব সরাসরি স্মার্টফোনসহ অন্যান্য মোবাইল ফোনের বাজারমূল্যে পড়বে।
২. হোম অ্যাপ্লায়েন্স:
ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, বেøন্ডার, জুসার, রাইস কুকার, প্রেসার কুকার, আয়রন ও ইলেকট্রিক কেটলির মতো গৃহস্থালি পণ্য উৎপাদনে ভ্যাট ছাড় কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে উৎপাদন খরচ বাড়বে এবং সেসব পণ্যের দামও বেড়ে যাবে।
৩. প্লাস্টিকের তৈজসপত্র:
থালাবাসনসহ গৃহস্থালি প্লাস্টিক সামগ্রীর উৎপাদনে ভ্যাট হার দ্বিগুণ করে ১৫ শতাংশ করা হয়েছে। যদিও পরিবেশবান্ধব প্লাস্টিক সামগ্রীতে ছাড় থাকবে, তবে অধিকাংশ সাধারণ প্লাস্টিক পণ্যের দাম বৃদ্ধি পাবে।
৪. এলপিজি সিলিন্ডার:
স্থানীয়ভাবে উৎপাদিত এলপিজি সিলিন্ডারের ভ্যাট অব্যাহতি কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এতে রান্নার খরচ কিছুটা বেড়ে যেতে পারে।
৫. বিদেশি চকলেট ও প্রসাধনী:
বিদেশি চকলেটের ক্ষেত্রে শুল্কায়ন মূল্য বাড়িয়ে প্রতি ইউনিট ১০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪ ডলার। এছাড়া ঠোঁট, চোখ ও মুখে ব্যবহৃত বিদেশি প্রসাধনপণ্যের শুল্কায়ন মূল্যও বৃদ্ধি পেয়েছে। ফলে এসব বিলাসী পণ্যের বাজারমূল্য বাড়বে।
৬. বেøড ও শেভিং সামগ্রী:
দেশে বেøড উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে দাঁড়ি কাটার মতো নিত্যপ্রয়োজনীয় খরচও বেড়ে যাবে।
৭. লিফট ও নির্মাণ সামগ্রী:
লিফট উৎপাদনের ওপর ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে। একই সঙ্গে নির্মাণ সংস্থাগুলোর ওপর ভ্যাট বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৮. অনলাইন ব্যবসা:
অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে, যা ডিজিটাল কমার্সে মূল্যবৃদ্ধি ঘটাতে পারে।
৯. কাগজজাত পণ্য ও কলম:
সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপারসহ কিছু ছাপাখানার কাগজ এবং বলপয়েন্ট কলমের আমদানিতে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে শিক্ষার্থী ও অফিসপাড়া এসব পণ্যের মূল্যবৃদ্ধির চাপ অনুভব করতে পারে।
১০. ফোর-স্ট্রোক থ্রি-হুইলার:
স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে, ফলে গণপরিবহনে ব্যয় বাড়তে পারে।
বাজেটের আর্থিক পরিসংখ্যান:
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের প্রস্তাবিত আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এই বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। মোট বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আহরণের লক্ষ্যে এই কর-ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করলেও এর বিরূপ প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির জন্য এই ব্যয়বৃদ্ধি বেশ চাপস্বরূপ হয়ে উঠতে পারে।

office@ukantho.com


Photo

ইউএসএইডকে পররাষ্ট্র দফতরের অধীনে আনতে চায় ট্রাম্প প্রশাসন

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার...

Photo

ভারতীয় নিম্নমানের বীজে সর্ব/স্বান্ত ঝিনাইদহের শত শত প্রান্তিক চাষি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী...

Photo

লক্ষ্মীপুরে বালুর স্তূপের নিচ থেকে অটো চালকের লাশ উদ্ধার

এফএনএস: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বালুর স্তূপের নিচ...

Photo

মোবারকগঞ্জ চিনিকলে গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহার শীর্ষক দুইব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল প্রশিক্ষণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত