অপরাধ
হবিগঞ্জে বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
উচ্চকন্ঠ 02-May-2025 48
এফএনএস: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর একদিনে দুটি পৃথক ঘটনা ঘটেছে- দুপুরে হামলা ও রাতে বাসায় অগ্নিকান্ড। বিএনপি নেতাকর্মীরা একে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। পুরো নবীগঞ্জজুড়ে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজি র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ সুজাত মিয়া। অনুষ্ঠান শেষে দুপুরের দিকে গাড়িতে ওঠার সময় হঠাৎ করে মৃত আহমদ মিয়ার ছেলে ও স্থানীয় যুবলীগ নেতা জামির হোসেনসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে তার ওপর হামলা চালায়। শেখ সুজাত মিয়ার সঙ্গে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী জামিরকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। শেখ সুজাত দাবি করেন, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। আমাকে টার্গেট করেই অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। হামলার প্রতিবাদে বিকালেই নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি নতুন বাজার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। ঘটনার কয়েক ঘণ্টা পর, রাত আনুমানিক ১১টার দিকে শেখ সুজাত মিয়ার নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আক্রমপুর এলাকার নিজ বাসায় অগ্নিকান্ড ঘটে। আগুন লাগে বাড়ির পেছনের একটি পরিত্যক্ত কক্ষে, যেখানে কেউ বসবাস করতেন না। আগুনে কিছু আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের চিৎকারে দ্রæত আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। আগুন কীভাবে লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। সাবেক এমপি শেখ সুজাত মিয়া এ বিষয়ে বলেন, গতকালই (গত বৃহস্পতিবার) আমার ওপর হামলা হয়েছে, আর আজ (গতকাল শুক্রবার) রাতে বাসায় আগুন লাগানো হলো। এটি নিঃসন্দেহে একটি ধারাবাহিক ও পরিকল্পিত ষড়যন্ত্র। আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। এ দুটি ঘটনায় নবীগঞ্জ ও এর আশপাশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
office@ukantho.com