প্রিয় ঝিনাইদহ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে ঝিনাইদহে শ্রদ্ধাঞ্জলি
উচ্চকন্ঠ 28-Oct-2026 22
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সংগঠন। এ সময় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য চত্বরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে মিছিল, সমাবেশ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্য এখনো ত্রুটিমুক্ত করে যথাযথভাবে পুনঃস্থাপন এবং নিরাপত্তা জোরদার করা হয়নি। অতীতে ভাস্কর্যে হামলা ও জুতার মালা পরিয়ে অবমাননার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, সারাদেশে মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলো উগ্রবাদী হামলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে অবমাননা করছে। গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে মব তৈরি করা হচ্ছে। ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে এ অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।
তাঁরা বলেন, ‘জয় বাংলা’ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান। এ স্লোগানকে কেন্দ্র করে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ন্যক্কারজনক এবং সরকারের ব্যর্থতার প্রতিফলন। এ ছাড়া পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান তাঁরা।
সমাবেশ থেকে বক্তারা স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সরকারের দোদুল্যমান অবস্থান ও নীরবতার নীতির কারণে বাংলাদেশ ক্রমেই পাকিস্তানি ভাবধারার দিকে পরিচালিত হচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
office@ukantho.com