প্রিয় ঝিনাইদহ
কোটচাঁদপুরে আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার
উচ্চকন্ঠ 15-Oct-2026 20
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক চারটি অভিযানে আওয়ামী লীগের এক কর্মীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এসব অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি, নিয়মিত মামলার আসামি এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পাঁচজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আব্দুল হামিদ (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দোড়া ইউনিয়নের ভোমরাডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ তাঁকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে। ২১ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ছাড়া নন-এফআইআর ৩৭/২৬ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আহসান হাবিবকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সারুটিয়া গ্রামের মোয়াজ্জেম মণ্ডলের ছেলে।
অন্যদিকে, ১৪ অক্টোবর দায়ের করা একটি নিয়মিত মামলায় মোহনপুর গ্রামের ছোব্দুল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৃত ইকবার আলীর ছেলে। মামলাটিতে দণ্ডবিধির ৩৩৮, ৩০৪, ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া উপজেলার দুধসরা এলাকায় সানাউল্লাহ নামের এক ব্যক্তির বাড়ির ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিয়া খাতুন (৩৭), জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০), তাজনাহার (৪৫), মাহফুজা খাতুন (২৭) ও নাছিম রানা (২৬)। এ ঘটনায় ১৪ অক্টোবর দায়ের করা নন-এফআইআর প্রসিকিউশন মামলায় দণ্ডবিধির ২৯০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালত ও কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
office@ukantho.com